প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 19, 2025 ইং
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই — আবদুল মাবুদ সওদাগর

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রথমবারের মতো দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আবদুল মাবুদ সওদাগর বলেন, “বর্তমান প্রজন্মের অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে হবে। একমাত্র খেলাধুলাই পারে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে।”
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় মধ্যম গুয়াপঞ্চক মাওলানা জালাল উদ্দীনের বাড়ি সংলগ্ন মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।
গুয়াপঞ্চক শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে মোট তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে পশ্চিমচাল ফুটবল একাদশকে হারিয়ে গুয়াপঞ্চক জুনিয়র ফুটবল একাদশ জয়লাভ করে। ফ্রেন্ডস জুন ফুটবল একাদশকে হারিয়ে হাজিগাঁও ফুটবল একাদশ বিজয়ী হয়। এছাড়া কেএসআই বন্ধু মহল ফুটবল একাদশকে পরাজিত করে গুয়াপঞ্চক মোহাম্মদিয়া স্পোর্টিং ক্লাব জয় ছিনিয়ে নেয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা ও ১নং বৈরাগ ইউনিয়নের সংগঠক, আনোয়ারা উপজেলা যুবদলের মুহাম্মদ শফিউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সংগঠক তারেকুল ইসলাম সাগর, সমাজসেবক এনামুল হক, মো. লোকমান, সাংবাদিক মো. জাবেদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট